
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৫২০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নবীনগর পৌরসভার আলীয়াবাদ গোল চত্বর সংলগ্ন পাকা সড়কে যানবাহন তল্লাশিকালে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন—নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামের মো. এবাদুল হক (৩০) এবং একই এলাকার মো. আব্দুল্লাহ আল মুমেন (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, নবীনগর থানার এসআই ফয়জুল হাকিম খান, এসআই মো. শামীম ভূঁইয়া ও জরুরি মোবাইল ডিউটিতে থাকা এএসআই মো. সুমন মিয়াসহ পুলিশের একটি দল মাদক উদ্ধার ও পরোয়ানা তামিল অভিযানে দায়িত্ব পালন করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে আলীয়াবাদ গোল চত্বরে যানবাহন তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ওই দুই ব্যক্তির কাছ থেকে ৫২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ও যানবাহন তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে।