
এশিয়ান গেমসে বৈরী আবহাওয়ার কারণে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ পরিত্যক্ত হয়েছে। ফলে ম্যাচ না খেলেই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু টানা বৃষ্টিতে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ায় ম্যাচ কর্মকর্তারা তা পরিত্যক্ত ঘোষণা করেন।
নিয়ম অনুযায়ী, ম্যাচ পরিত্যক্ত হওয়ায় আইসিসি র্যাংকিংয়ে এগিয়ে থাকা বাংলাদেশকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এর ফলে শেষ চারে উঠে গেছে টাইগাররা। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। ম্যাচের আগের দিন থেকেই নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে আকাশ ছিল মেঘাচ্ছন্ন। এর সঙ্গে গুঁড়িগুঁড়ি বৃষ্টি অব্যাহত থাকায় মাঠের পরিস্থিতি ক্রমেই খারাপ হতে থাকে। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে ম্যাচ আয়োজনের মতো পরিবেশ তৈরি না হওয়ায় কোয়ার্টার ফাইনালটি বাতিল করা হয়।
একই কারণে শ্রীলঙ্কা ও নেপালের মধ্যকার আরেকটি কোয়ার্টার ফাইনালও পরিত্যক্ত হয়েছে। র্যাংকিংয়ের নিয়মে ওই ম্যাচ থেকে শ্রীলঙ্কা সেমিফাইনালের টিকিট পেয়েছে। শেষ চারের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ভারত। ফলে এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ-পাকিস্তান এবং ভারত-শ্রীলঙ্কা মুখোমুখি হবে। ম্যাচ না খেলেই সেমিফাইনালে ওঠায় বাংলাদেশের সামনে এখন পাকিস্তানের বিপক্ষে ফাইনালের টিকিট নিশ্চিত করার সুযোগ।