September 29, 2026, 1:25 pm

কুড়িগ্রামে প্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগ

জাফর আহমেদ কুড়িগ্রাম প্রতিনিধ

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের মাদাজালফাড়া গ্রামে মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই নারী সাত মাসের অন্তঃসত্ত্বা বলে দাবি করেছেন তার বাবা। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে কুড়িগ্রাম থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি। অভিযোগের সত্যতা ও জড়িতদের পরিচয় তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ সেপ্টেম্বর বিকেলে বাজার থেকে বাড়ি ফেরার পথে ওই নারীর বাবা জানতে পারেন, মেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। বাড়িতে ফিরে স্থানীয় নারীদের কাছ থেকে মেয়ের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানতে পারেন। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের পরামর্শে থানায় লিখিত অভিযোগ করেন তিনি। তার দাবি, মেয়েকে কে বা কারা ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করেছে, তা তিনি নিশ্চিত নন। তবে বাড়িতে নিয়মিত যাতায়াতকারী কয়েকজনকে সন্দেহ করছেন।
অভিযোগে আরও বলা হয়, কয়েকদিন আগে বাড়িতে আসা এক ব্যক্তি ওই নারীকে খাবার খাওয়ানোর পর তিনি অসুস্থ হয়ে বমি করেন। অন্য একদিন গোসলের সময় একজনকে আড়াল থেকে দেখার অভিযোগও রয়েছে। তবে এসব ঘটনার সঙ্গে গর্ভধারণের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত নয়। কুড়িগ্রাম থানার ওসি কামাল হোসেন বলেন, “আমাদের অভিযান অব্যাহত চলছে।” এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি। এলাকাবাসী দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার