
ব্রেকআপের পর প্রাক্তন সঙ্গীর প্রতি মানসিক টান পুরোপুরি কমতে কত সময় লাগে—এর নির্দিষ্ট উত্তর নেই। তবে যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি গবেষণায় দেখা গেছে, দীর্ঘমেয়াদি সম্পর্কের মানসিক বন্ধন মানুষের ধারণার চেয়ে অনেক বেশি সময় স্থায়ী হতে পারে। গবেষণাটি প্রকাশিত হয়েছে ‘সোশ্যাল সাইকোলজিক্যাল অ্যান্ড পারসোনালিটি সাইন্স’ জার্নালে।
গবেষণায় ৩২০ জন প্রাপ্তবয়স্ক অংশ নেন। তাদের প্রত্যেকের অন্তত দুই বছর স্থায়ী প্রেমের সম্পর্ক ছিল, যা পরবর্তী সময়ে ভেঙে যায়। অংশগ্রহণকারীদের গড় বয়স ছিল প্রায় ৩০ বছর এবং আগের সম্পর্কের গড় স্থায়িত্ব ছিল সাড়ে চার বছর। গবেষণায় দেখা যায়, প্রাক্তনের প্রতি মানসিক সংযুক্তি অর্ধেক কমতে গড়ে ৪ দশমিক ১৮ বছর সময় লাগে। একই হারে কমতে থাকলে সংযুক্তি পুরোপুরি মিলিয়ে যেতে গড়ে প্রায় আট বছর লাগতে পারে।
তবে গবেষকেরা এটিকে সবার জন্য নির্দিষ্ট সময়সীমা হিসেবে দেখেননি। ব্যক্তিভেদে সম্পর্ক ও বিচ্ছেদের অভিজ্ঞতা আলাদা হওয়ায় সময়ও ভিন্ন হতে পারে। প্রাক্তনের সঙ্গে যোগাযোগ অব্যাহত থাকলে মানসিক বন্ধন দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা বাড়ে। অন্যদিকে নতুন সম্পর্কে জড়ানো বা লিঙ্গের সঙ্গে সংযুক্তি কমার গতিতে উল্লেখযোগ্য প্রভাব পাওয়া যায়নি। গবেষণাটি মূলত প্রাক্তনের কথা মনে পড়া নয়, বরং তার প্রতি আগের মতো আবেগ, নির্ভরতা ও মানসিক টান কতটা সময় থাকে—তা বিশ্লেষণ করেছে।