দীর্ঘ বিরতির পর সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে ঐতিহাসিক টেস্ট জয় পেয়েছে বাংলাদেশ। এবার আগামী বছর ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে নির্ধারিত টেস্টের পাশাপাশি সফরে আরও কয়েকটি ম্যাচ যুক্ত করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ম্যাচ বাড়ানো হলে সীমিত ওভারের সিরিজ হওয়ার সম্ভাবনাই বেশি। তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টি নিশ্চিত নয়।
বিসিবির ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফীস জানান, ইংল্যান্ডের সঙ্গে এ বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে। ইংল্যান্ড ইতোমধ্যে তাদের ঘরের মাঠের সূচি প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট রাখা হয়েছে। তিনি বলেন, শুধু একটি টেস্ট খেলতে গেলে সফরটি সীমিত হয়ে যাবে। তাই এর সঙ্গে আরও কিছু ম্যাচ যুক্ত হলে সফরটি স্মরণীয় হয়ে থাকবে বলে তারা মনে করছেন।
বিসিবির প্রস্তাবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানান শাহরিয়ার নাফীস। তিনি বলেন, ইসিবি এ বিষয়ে ‘সাপোর্টিভ’ এবং ইতিবাচকভাবে আলোচনা করছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। বিসিবি আশা করছে, ইংল্যান্ড সফরটি শুধু একটি টেস্টে সীমাবদ্ধ থাকবে না।