
ঘরের মাঠ মনুমেন্তালে প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে ৭-০ গোলে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। একপেশে ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় লিওনেল স্কালোনির দল। প্রথমার্ধেই ৫-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। পুরো ম্যাচে প্রায় ৮০ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখে প্রতিপক্ষের গোলমুখে একের পর এক আক্রমণ চালায় স্বাগতিকরা।
আর্জেন্টিনার হয়ে গোল করেন লাওতারো মার্তিনেজ, জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি, নিকো পাজ, হুলিয়ান আলভারেজ, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো ও জুলিয়ানো সিমিওনে। এর বাইরে ম্যাচের অষ্টম মিনিটে আত্মঘাতী গোল করে বুরকিনা ফাসো। ফলে ম্যাচের শুরু থেকেই চাপে পড়ে আফ্রিকার দলটি। আর্জেন্টিনার আক্রমণের বিপরীতে বুরকিনা ফাসো কার্যত প্রতিরোধ গড়ে তুলতে পারেনি।
তবে বুরকিনা ফাসোর বড় ব্যবধানে হারের পেছনে ভ্রমণক্লান্তি ও দলসংকটও ভূমিকা রেখেছে। ম্যাচের কয়েক ঘণ্টা আগে জানা যায়, ফ্লাইট জটিলতা ও অব্যবস্থাপনার কারণে জাতীয় দলের অধিকাংশ নিয়মিত খেলোয়াড় আর্জেন্টিনায় খেলতে অস্বীকৃতি জানান। ফলে কোচ আমির আব্দোউকে মূলত অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড়দের নিয়ে একাদশ সাজাতে হয়। কাসাব্লাঙ্কা থেকে ৯ হাজার ২৩১ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ম্যাচ শুরুর মাত্র সোয়া পাঁচ ঘণ্টা আগে আর্জেন্টিনায় পৌঁছান খেলোয়াড়রা। দীর্ঘ ভ্রমণের পর পর্যাপ্ত বিশ্রামের সুযোগ না পাওয়ার প্রভাবও মাঠে দেখা যায়।