
বরিশালের বাকেরগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল শেষে একই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে নৃত্য পরিবেশনের অভিযোগ উঠেছে। এ সময় দোয়া মাহফিলের জন্য টাঙানো কোরআন শরিফের ছবি সংবলিত ব্যানারও মঞ্চে ছিল। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও নিন্দা শুরু হলে পরে পুলিশ অনুষ্ঠানটি বন্ধ করে দেয়। উপজেলার দুধল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সুন্দরকাঠী মোল্লা বাজারে এলাকাবাসীর উদ্যোগে দুই দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।
আয়োজকদের দাবি, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ ও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ উপলক্ষে ৩ ও ৪ অক্টোবর দোয়া, মিলাদ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম দিন দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের কল্যাণ কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে একই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করা হয় বলে অভিযোগ রয়েছে। অনুষ্ঠানটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়।
অনুষ্ঠানের আয়োজক ও দুধল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহিন মোল্লা বলেন, এলাকাবাসীকে সঙ্গে নিয়ে তিনি অনুষ্ঠানটির আয়োজন করেছেন এবং তিনি বিএনপির কোনো পদে নেই। দুধল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মকবুল খানও জানান, শাহিন মোল্লা দলের কোনো পদে নেই এবং অনুষ্ঠানের জন্য দলীয় কোনো অনুমতি নেওয়া হয়নি। এ বিষয়ে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। বাকেরগঞ্জ থানার ওসি মো. আদিল হোসেন বলেন, রাষ্ট্রপতির নাম ব্যবহার করে আয়োজিত অনুষ্ঠানের জন্য থানার অনুমতি নেওয়া হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত কর্মকাণ্ডের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশ অনুষ্ঠানটি বন্ধ করে দেয়।