
পটুয়াখালী সদর উপজেলার বসাক বাজার এলাকা থেকে মনির নামে পটুয়াখালী সরকারি কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে রাতভর মারধর ও নির্যাতনের পর এক লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক সাকিব মাদবর ও সক্রিয় কর্মী সিয়ামের বিরুদ্ধে। সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে আহত অবস্থায় মনিরকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি কলেজের ব্যবস্থাপনা বিভাগের স্নাতক শ্রেণির শিক্ষার্থী।
ভুক্তভোগীর অভিযোগ, রোববার (৪ অক্টোবর) রাতে বসাক বাজার এলাকা থেকে সাকিব ও সিয়াম তাকে তুলে নিয়ে আটকে রেখে নির্যাতন করেন। এ সময় তার ব্যবহৃত স্যামসাং এস২৫ আল্ট্রা মোবাইল ফোনও রেখে দেওয়া হয় বলে দাবি করেন তিনি। মনিরের ভাষ্য, এক বন্ধুর মাধ্যমে এক লাখ টাকা দেওয়ার পর এবং মোবাইল ফোন রেখে দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তামান্না রহমান জানান, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন সাকিব মাদবর। তার দাবি, মনির গভীর রাতে তাদের এলাকার এক মেয়ের বাড়িতে গেলে উত্তেজিত জনতা তাকে মারধর করে। ফোন পেয়ে তিনি সেখানে উপস্থিত হন এবং মনিরের কাছ থেকে কোনো টাকা বা মোবাইল নেওয়া হয়নি। পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, বিষয়টি জানার পর পুলিশকে ঘটনাস্থল ও হাসপাতালে পাঠানো হয়েছে।