October 6, 2026, 11:33 am

সাংবাদিকদের ওপর হামলা, রাবি ছাত্রদলের তিন নেতা বহিষ্কার

অভয়নগর প্রতিবেদক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার এবং ছয়জনকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক ও সহসভাপতি পদমর্যাদার মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক দুটি বিবৃতিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী রাবি ছাত্রদলের সহসভাপতি আহসান হাবিব ও যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব হাসানকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ছাত্রদল নেতা বিশাল চক্রবর্তীকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। অন্য বিজ্ঞপ্তিতে রাবি ছাত্রদলের সহসভাপতি তাকবীর আহমেদ ইমন, বুলবুল রহমান, শরিফুল ইসলাম, ফারুক হোসেন, সহদপ্তর সম্পাদক শাহারিয়ার আলম ও ছাত্রনেতা সাজুকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন তাদের বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ নির্দেশনা দিয়েছেন। এর আগে রোববার রাতে আহসান হাবীবের নেতৃত্বে শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ ওঠে। এতে চার সাংবাদিকসহ প্রায় ১০ জন আহত হন।



ফেসবুক কর্নার