October 6, 2026, 3:12 pm

বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

অভয়নগর প্রতিবেদক

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (৬ অক্টোবর) বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। এ সময় কানাডার গভর্নর জেনারেল লুইস আরবুর পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে একটি অভিনন্দনবার্তা হস্তান্তর করেন হাইকমিশনার। রাষ্ট্রপতি এ জন্য তাকে ধন্যবাদ জানান।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি গণতন্ত্র চর্চায় কানাডার দীর্ঘ ঐতিহ্যের প্রশংসা করে বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কানাডার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, দীর্ঘদিন গণতন্ত্র ও সংসদীয় রীতির অনুপস্থিতির কারণে বর্তমান সরকারকে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে এবং গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। হাইকমিশনার জানান, দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য বছরে চার বিলিয়ন কানাডীয় ডলার ছাড়িয়েছে এবং তা আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে। তিনি কানাডার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আসন্ন বাংলাদেশ সফরের বিষয়টিও জানান।
রাষ্ট্রপতি কৃষি, খাদ্য নিরাপত্তা, সার, তথ্যপ্রযুক্তি ও আউটসোর্সিংসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। শিক্ষাক্ষেত্রে বিশেষ করে কারিগরি, প্রযুক্তি, নার্সিং ও চিকিৎসায় কানাডার সহযোগিতা বৃদ্ধির অনুরোধ করেন তিনি। রোহিঙ্গা ইস্যুতে কানাডার সহায়তার কথা তুলে ধরে হাইকমিশনার জানান, দেশটি এ পর্যন্ত প্রায় ৬০০ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে। রাষ্ট্রপতি এ সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে রোহিঙ্গাদের স্বেচ্ছায় ও নিরাপদে মিয়ানমারে প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ সৃষ্টিতে কানাডার কার্যকর ভূমিকা কামনা করেন। তিনি বলেন, এক লাখেরও বেশি বাংলাদেশি কানাডার উন্নয়নে অবদান রাখছেন।



ফেসবুক কর্নার