October 6, 2026, 3:43 pm

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে বিরোধীদের বিক্ষোভ

অভয়নগর প্রতিবেদক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ করেছে বিরোধী জোট ইন্ডিয়া। মঙ্গলবার (৬ অক্টোবর) সংসদ ভবনের মকর দ্বার থেকে নির্বাচন কমিশনের সদর দপ্তর নির্বাচন সদনের দিকে মিছিল করেন জোটের সংসদ সদস্যরা। মিছিলের সামনে থাকা কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দিলে তিনি একপর্যায়ে ব্যারিকেডে উঠে জাতীয় পতাকা নাড়েন।
পরে রাহুল গান্ধী ও তার বোন কংগ্রেসের এমপি প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাকে আটক করে পুলিশ। তাদের পুলিশ বাসে তোলা হলেও কিছু সময় পর তারা বের হয়ে আবার নির্বাচন কমিশনের কার্যালয়ের দিকে এগিয়ে যান। বিক্ষোভকারীরা ‘গণতন্ত্র বাঁচাও’ লেখা ব্যানার নিয়ে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে স্লোগান দেন। ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে এই আন্দোলন করছে বিরোধীরা। তবে কর্মসূচিতে ডিএমকে ও আম আদমি পার্টি অংশ নেয়নি।
কংগ্রেস জানিয়েছে, নির্বাচন কমিশন ও প্রধান নির্বাচন কমিশনারকে ঘিরে অভিযোগে আগামী কয়েক মাস আন্দোলন চালানো হবে। ১০ থেকে ২০ অক্টোবর ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ কর্মসূচি, ২৫ অক্টোবর থেকে ২৫ নভেম্বর বুথ পর্যায়ে জনসভা এবং ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে সমাবেশের পরিকল্পনা রয়েছে। ২৫-২৬ নভেম্বর ‘চলো দিল্লি’ কর্মসূচির মিছিলও হবে। এদিকে নির্বাচন কমিশনকে ঘিরে একটি মামলা ভারতের সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে।



ফেসবুক কর্নার