October 6, 2026, 3:42 pm

১০ নম্বর জার্সিতে মেসির শহর সাজানোর ছবি ভাইরাল

অভয়নগর প্রতিবেদক

আর্জেন্টিনার জার্সিতে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামার আগে লিওনেল মেসিকে বিশেষ সম্মান জানিয়েছে তার জন্মশহর রোজারিও। শহরের ন্যাশনাল ফ্ল্যাগ মেমোরিয়ালে ৩০ মিটার দৈর্ঘ্যের একটি বিশাল জার্সি রাখা হয়েছে। জার্সিটিতে সোনালি রঙে লেখা হয়েছে ‘গ্রাসিয়াস’, যার অর্থ ধন্যবাদ। পাশাপাশি মেসির বিখ্যাত ১০ নম্বরও ফুটিয়ে তোলা হয়েছে।
আগামীকাল বাংলাদেশ সময় ভোরে মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার হয়ে শেষবারের মতো মাঠে নামবেন মেসি। তার বিদায়ী ম্যাচ ঘিরে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও বিশেষ আয়োজন করেছে। ম্যাচ শুরুর আগে শিল্পীদের পরিবেশনা, ম্যাচ শেষে বিশেষ জার্সি উপহার এবং স্টেডিয়ামের স্ক্রিনে মেসির ক্যারিয়ার নিয়ে ভিডিও প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। রোজারিওর বিশেষ জার্সির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমেও দ্রুত ছড়িয়ে পড়ে।
বিদায়ী ম্যাচের আগে জাতীয় দলের সঙ্গে শেষ অনুশীলনও করেছেন মেসি। সতীর্থ ও কোচিং স্টাফদের সঙ্গে সময় কাটিয়ে নিজের ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, এসব বিশেষ মুহূর্ত তিনি খুব মিস করবেন। ৭ অক্টোবরের ম্যাচটি আর্জেন্টিনার হয়ে মেসির ২০৮তম আন্তর্জাতিক ম্যাচ। এর আগে ২০৭ ম্যাচে ১২৫ গোল ও ৬৮টি অ্যাসিস্ট করেছেন বিশ্বকাপজয়ী এই তারকা।



ফেসবুক কর্নার