
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে পুনর্বহালের পাশাপাশি ভবিষ্যতে এ ব্যবস্থা পরিবর্তন করতে হলেও জনগণের অনুমোদন নিতে গণভোটের বিধান ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় সংসদে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের প্রতিনিধি ও ‘জুলাই যোদ্ধা’দের সঙ্গে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধানের ১৪২ অনুচ্ছেদে থাকা গণভোটের বিধান পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাতিল করা হয়েছিল। হাইকোর্ট ওই বাতিলের সিদ্ধান্তকে অসাংবিধানিক ঘোষণা করায় সংশোধিত সংবিধানে বিধানটি পুনরায় অন্তর্ভুক্ত করা হবে। একই সঙ্গে প্রস্তাবনা, রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং ৪৮ ও ৫৬ অনুচ্ছেদসহ মৌলিক বিষয়ে পরিবর্তনের ক্ষেত্রে সাংবিধানিক গণভোটের ব্যবস্থা থাকবে বলে জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনরায় সংবিধানে অন্তর্ভুক্ত করা হলে ভবিষ্যতে কেউ তা পরিবর্তন করতে চাইলে জনগণের কাছে যেতে হবে—এমন সাংবিধানিক সুরক্ষা রাখা হবে। তিনি ‘ডকট্রিন অব ইক্লিপস’-এর কথা উল্লেখ করে বলেন, হাইকোর্টের রায়ের মাধ্যমে বাতিলের সিদ্ধান্ত অসাংবিধানিক ঘোষিত হওয়ায় আগের বিধান ফিরে এসেছে। উল্লেখ্য, ২০১১ সালের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধান থেকে বাদ দেওয়া হয়েছিল। ২০২৬ সালের ৯ জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পঞ্চদশ সংশোধনীর মূল অংশগুলো অবৈধ ঘোষণার হাইকোর্টের রায় বহাল রাখেন।