
শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরকে প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। একাধিকবার দলীয় শৃঙ্খলা ভঙ্গ, অসাংগঠনিক কর্মকাণ্ড, দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা বিএনপির সভাপতি আলহাজ সফিকুর রহমান কিরণ ও সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দিন কালুর নির্দেশে দেওয়া বহিষ্কারাদেশে স্বাক্ষর করেন দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ কামরুল হাসান।
বহিষ্কারাদেশে বলা হয়, এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২৮ জুলাই মতিউর রহমান সাগরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। সম্প্রতি তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ প্রকাশ পাওয়ায় এবং দলীয় নীতি-শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ থাকায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে। এর অনুলিপি দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের কাছে পাঠানো হয়েছে।
বহিষ্কারের পর নিজের ফেসবুক আইডিতে মতিউর রহমান সাগর লেখেন, ‘যে দলের জন্য জীবন-যৌবন শেষ করলাম, সেই দল আমাকে বহিষ্কার করল আলহামদুলিল্লাহ।’ এর আগে তার বিরুদ্ধে নির্বাচনী বিলবোর্ড লাগানোকে কেন্দ্র করে এক ব্যক্তির সঙ্গে হাতাহাতি, সাংবাদিক ও প্রশাসনের কর্মকর্তাদের হুমকিসহ বিভিন্ন অভিযোগ ওঠে। সংশ্লিষ্ট ভুক্তভোগীরা এসব ঘটনায় পৃথকভাবে অন্তত ছয়টি সাধারণ ডায়েরি করেছেন বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে একাধিকবার ফোন করা হলেও সাগরের বক্তব্য পাওয়া যায়নি।