
আর্সেনালের সঙ্গে নতুন চুক্তি করেছেন কোচ মিকেল আর্তেতা। নতুন চুক্তি অনুযায়ী ২০৩০ সাল পর্যন্ত ইংলিশ ক্লাবটির দায়িত্বে থাকবেন তিনি। চলতি মৌসুমেই তার আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। ২০১৯ সালে এমিরেটস স্টেডিয়ামে যোগ দেওয়া আর্তেতার আর্সেনাল অধ্যায় নতুন চুক্তির মেয়াদ শেষে এক দশকের বেশি সময় পূর্ণ করবে।
নতুন চুক্তিতে আর্তেতার বেতনও বাড়ানো হয়েছে। আগামী মৌসুম থেকে বছরে বর্তমান বেতনের চেয়ে ১০ মিলিয়ন পাউন্ড বেশি পাবেন তিনি। এর সঙ্গে থাকছে ৫ মিলিয়ন পাউন্ড বোনাস। চুক্তি নবায়নের পর আর্তেতা বলেন, আর্সেনাল ‘অদ্বিতীয়’ একটি ক্লাব এবং এর সঙ্গে পথচলা অব্যাহত রাখতে পারাকে তিনি সৌভাগ্য মনে করেন। একসঙ্গে আরও সাফল্য অর্জনের সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
৪৪ বছর বয়সী আর্তেতার অধীনে আর্সেনাল একটি প্রিমিয়ার লিগ ও একটি এফএ কাপ জিতেছে। চলতি মৌসুমে পিএসজির কাছে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে হেরেছে তারা। নতুন চুক্তি করে আর্তেতা জানিয়েছেন, আর্সেনালের বর্তমান সাফল্যকে আরও বড় অর্জনে রূপ দেওয়ার লক্ষ্যেই তিনি ক্লাবটির সঙ্গে দীর্ঘমেয়াদি পথচলা চালিয়ে যেতে চান।