
লিজেন্ডসদের চলমান বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বিপক্ষে ৫ উইকেটে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে এই জয় সহজ ছিল না বলে স্বীকার করেছেন ক্যারিবীয় তারকা ক্রিস গেইল। বাংলাদেশের ২১৮ রানের জবাবে শেষ ওভারে গিয়ে জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচে রনি তালুকদারের ৯৬ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ ৪ উইকেটে ২১৮ রান সংগ্রহ করে।
লক্ষ্য তাড়া করতে নেমে গেইল ও চ্যাডউইক ওয়াল্টন দলকে জয়ের পথে এগিয়ে নেন। গেইল ২৫ বলে ৫৬ রান করেন। অন্যদিকে ওয়াল্টন ৪৩ বলে ৫ চার ও ৮ ছক্কায় ৯০ রান করে অপরাজিত থাকেন। ম্যাচ শেষে গেইল বলেন, বাংলাদেশকে তারা শাসন করতে পারেননি। রনি তালুকদার ও অধিনায়ক মাহমুদউল্লাহর ব্যাটিংয়ের প্রশংসা করে তিনি স্বীকার করেন, বাংলাদেশের লড়াই তাদের কিছুটা ভয় পাইয়ে দিয়েছিল।
নিজেদের জয়ের কৃতিত্ব সতীর্থদেরও দিয়েছেন গেইল। তার ভাষ্য, ২০০ রানের বেশি লক্ষ্য তাড়া করতে ভালো শুরুর প্রয়োজন ছিল। তিনি ও লেন্ডল সিমন্স ইনিংসের ভিত গড়ে দেন, পরে চ্যাডউইক ওয়াল্টন দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে দুই দলই ভালো ক্রিকেট খেলেছে বলেও মন্তব্য করেন ক্যারিবীয় এই তারকা।