
দক্ষিণী সিনেমার তিন জনপ্রিয় তারকা থালাপতি বিজয়, বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানাকে একই ফ্রেমে দেখে অনুরাগীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। আসন্ন পিরিয়ড অ্যাকশন ড্রামা ‘রণবাগী’র মুক্তিকে সামনে রেখে থালাপতি বিজয়ের সঙ্গে সাক্ষাৎ করেন বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা। সিনেমার প্রচারের পাশাপাশি প্রিয় তারকা ও অনুপ্রেরণাদায়ী নেতার প্রতি শ্রদ্ধা জানাতেই এ সাক্ষাৎ বলে জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে সাক্ষাতের মুহূর্তগুলো শেয়ার করে নিজেদের অনুভূতি প্রকাশ করেন দুই অভিনয়শিল্পী। রাশমিকা জানান, দীর্ঘদিনের প্রিয় তারকা এবং একসময় যার সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে, সেই ব্যক্তি আজ সফল মুখ্যমন্ত্রী—বিষয়টি তাঁর কাছে অবিশ্বাস্য ও অনুপ্রেরণাদায়ী। অন্যদিকে, বিজয় দেবেরাকোন্ডা বলেন, ব্যস্ততার মধ্যেও থালাপতি বিজয় তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন এবং জীবন ও কাজ নিয়ে মূল্যবান অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন।
পরিচালক রাহুল সাংকৃত্যায়নের ‘রণবাগী’ আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ১৮৭৬-৭৮ সালের মাদ্রাজ দুর্ভিক্ষের পটভূমিতে নির্মিত ছবিটিতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে এক সাধারণ মানুষের সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে। এতে সিঙ্গারামালা ববিলি রণবাগী চরিত্রে অভিনয় করেছেন বিজয় দেবেরাকোন্ডা এবং তাঁর স্ত্রী জয়াম্মার ভূমিকায় রয়েছেন রাশমিকা মান্দানা। মুক্তির আগে তিন তারকার এই সাক্ষাৎ বিনোদন অঙ্গনে আগ্রহ তৈরি করেছে।