
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ‘ঢালিউড অ্যাওয়ার্ড’-এর এবারের আসরে সেরা ড্রামার হিসেবে সম্মাননা পেয়েছেন বাংলাদেশি সংগীতশিল্পী ডিকিউ মিথুন। গত ১০ অক্টোবর অনুষ্ঠিত হয় ২৬ বছরের ঐতিহ্যবাহী এ আয়োজন। পুরস্কার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মিথুন বলেন, চট্টগ্রাম থেকে ঢাকায় এসে সংগীতচর্চা শুরু করে যুক্তরাষ্ট্রে সেরা ড্রামারের স্বীকৃতি পাওয়া তাঁর দীর্ঘদিনের স্বপ্নপূরণ। এ অর্জনকে তিনি নিজের জন্য অত্যন্ত গৌরবের বলে উল্লেখ করেন।
চট্টগ্রামের আগ্রাবাদে জন্ম ও বেড়ে ওঠা মিথুনের সংগীতে হাতেখড়ি সপ্তম শ্রেণিতে পড়ার সময়। স্থানীয় কয়েকটি ব্যান্ডে বাজানোর পর ২০১১ সালে ‘নেসক্যাফে গেটসেট রক’ প্রতিযোগিতায় ড্রামার হিসেবে তৃতীয় হন তিনি। এরপর ২০১২ সালে ঢাকায় পুরোদমে সংগীতচর্চা শুরু করেন। কুমার বিশ্বজিৎ, তাহসান খান, জয় শাহরিয়ার, মিলা ও পারভেজসহ বহু শিল্পীর সঙ্গে কাজ করেছেন। তাঁর ভাষ্য, দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সাত শতাধিক লাইভ অনুষ্ঠান এবং প্রায় দুই হাজার কনসার্টে ড্রামস বাজিয়েছেন। ২০২৪ সালের মার্চে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পরও সংগীতচর্চা অব্যাহত রেখেছেন তিনি।
সেশন প্লেয়ার হিসেবে খুরশীদ আলম, পান্থ কানাই, পথিক নবী, শফি মণ্ডল, রন্টি দাস, হাসান (আর্ক), সামিনা চৌধুরী, রিংকু ও রেশমি মির্জাসহ অনেক শিল্পীর সঙ্গে কাজ করেছেন মিথুন। যুক্তরাষ্ট্রেও বাংলাদেশি শিল্পীদের অনুষ্ঠানে নিয়মিত ড্রামস বাজাচ্ছেন তিনি। ভবিষ্যতে সেখানে বাঙালি শিশুদের জন্য একটি মিউজিক স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন রয়েছে তাঁর, যাতে তারা বাংলাদেশের সংগীত ও সংস্কৃতির সঙ্গে বেড়ে উঠতে পারে। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে কাজ করে নিজের দেশ ও জন্মশহর চট্টগ্রামের নাম উজ্জ্বল করতে চান এই সংগীতশিল্পী।