
আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে বগুড়া সদর উপজেলা পরিষদে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশার নিজস্ব তহবিল থেকে ৫৬টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা এবং মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে আলোচনা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা।
সভাপতিত্ব করেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদ। সভায় পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিরসন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, সহকারী কমিশনার (ভূমি) পলাশ চন্দ্র সরকার, পূজা উদযাপন ফ্রন্ট ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রায়হান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা। সংশ্লিষ্টরা পূজার সময় নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।