
রাজধানীর রমনায় অবস্থিত অফিসার্স ক্লাবের একটি নির্মাণাধীন ভবনের নিচতলায় সিঁড়ির পাশে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
অফিসার্স ক্লাব সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে মোশাররফ হোসেন তার ছোট মেয়েকে নিয়ে ক্লাবে প্রবেশ করেন। পরে মেয়েকে সামনের সুইমিংপুলে রেখে তিনি নির্মাণাধীন ভবনের ভেতরে যান। প্রায় এক ঘণ্টা পর ভবনের নিচতলায় সিঁড়ির পাশে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। মোশাররফ হোসেন ওই ক্লাবের সদস্য ছিলেন। তিনি বনানীর একটি বাড়িতে পরিবারের সঙ্গে বসবাস করতেন।
রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম জানান, মোশাররফ হোসেন চোখে কম দেখতেন। তিনি ভবনটির তৃতীয় তলা থেকে নিচতলার ফাঁকা অংশে পড়ে যান। পুলিশ ঘটনাস্থলে মরদেহের সুরতহাল সম্পন্ন করেছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত করতে না চাওয়ায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি। পারিবারিক সূত্রে জানা গেছে, তার বড় মেয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করেন। তিনি দেশে ফিরলে মোশাররফ হোসেনের দাফন সম্পন্ন করা হবে।