October 17, 2026, 6:02 am
শিরোনাম :

সরকার বদল নয়, বৈষম্যহীন রাষ্ট্র গড়তে রক্ত দিয়েছি: হুইপ নিজান

অভয়নগর প্রতিবেদক

 

সরকার পরিবর্তনের জন্য নয়, রাষ্ট্র মেরামত ও বৈষম্য দূর করার লক্ষ্যেই মানুষ রক্ত দিয়েছে বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দীন নিজান। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার শ্রী শ্রী মহাজন বাড়ি সার্বজনীন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এবিএম আশরাফ উদ্দীন নিজান বলেন, রাষ্ট্রের যেসব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে, নষ্ট হয়েছে কিংবা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে, সেগুলো পুনর্গঠন করতে হবে। এই স্বপ্ন নিয়েই তরুণেরা জীবন দিয়েছেন। তিনি বলেন, ৫৪ বছর আগে বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে স্বাধীনতা অর্জিত হয়েছিল। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ ধনী-গরিব নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করার প্রত্যাশা নিয়ে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ হয়েছিল। দেশ স্বাধীন হলেও প্রকৃত অর্থে মুক্তি পূর্ণতা পায়নি, বৈষম্যও দূর হয়নি।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে হুইপ বলেন, সে সময় দেশের মা-বোন ও তরুণেরা রক্ত দিয়ে বুঝিয়ে দিয়েছেন, শুধু সরকার পরিবর্তন করলেই হবে না। একটি সরকার আসবে, আরেকটি সরকার যাবে—এ জন্য তাঁরা রক্ত দেননি; দিয়েছেন রাষ্ট্র মেরামতের জন্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন, থানার ওসি লিটন দেওয়ান, উপজেলা বিএনপির সভাপতি মো. জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিন এবং পূজা উদযাপন কমিটির সভাপতি শিবু প্রসাদ দাসসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।



ফেসবুক কর্নার