
রাজধানীর কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা পরিস্থিতি দেখে অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৭ অক্টোবর) সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে হাসপাতালের পরিবেশ ও পরিচ্ছন্নতা ব্যবস্থার উন্নয়নে সংশ্লিষ্টদের সাত দিনের সময় বেঁধে দেন তিনি। এ সময় চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার খোঁজখবর নেন প্রধানমন্ত্রী এবং নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ), অস্ত্রোপচারকক্ষসহ বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন।
ডেঙ্গু পরিস্থিতি, চিকিৎসাসেবার মান ও পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করতে সকালে রাজধানীর বিভিন্ন হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি ভবনে আকস্মিক পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। পরে তিনি রাজউক উত্তরা মডেল কলেজে শিক্ষক-শিক্ষার্থী, বিএনসিসি ও স্কাউট সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে শিক্ষার্থীদের ভূমিকার ওপর গুরুত্ব দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বছরের এ সময়ে, বিশেষ করে নভেম্বর পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ বাড়ে। প্রতিবছর এ রোগে বহু মানুষ আক্রান্ত হন এবং অনেকে মারা যান। ডেঙ্গু মোকাবিলায় প্রতিরোধই সবচেয়ে কার্যকর উপায়, আর এ জন্য চারপাশ পরিষ্কার রাখা জরুরি। তিনি বলেন, ঢাকার মতো বিশাল শহরের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে শুধু সিটি করপোরেশন বা প্রশাসনের ওপর নির্ভর করলে চলবে না; প্রত্যেক নাগরিককে দায়িত্ব নিতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি নিজের বাসা, শিক্ষাপ্রতিষ্ঠান, পাড়া ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান। তরুণেরা সম্মিলিতভাবে এ দায়িত্ব পালন করলে ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।