
নিজের ব্যক্তিত্ব ও প্রচারের অধিকার রক্ষায় দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। অনুমতি ছাড়া তাঁর নাম, ছবি, অবয়ব ও পরিচিতির অন্যান্য বৈশিষ্ট্য ব্যবহারের অভিযোগ তুলে আইনি পদক্ষেপ নিয়েছেন তিনি। আবেদনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিষয়বস্তু এবং ডিজিটাল মাধ্যমে তাঁর পরিচয়ে ছদ্মবেশ ধারণের বিষয়ও উল্লেখ করা হয়েছে।
বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরভের একক বেঞ্চে মামলাটি উত্থাপিত হলে অভিনেত্রীর আইনজীবীকে এ বিষয়ে প্রাসঙ্গিক রায়, গবেষণাপত্র ও অন্যান্য নথি জমা দিতে বলা হয়। দিল্লি হাইকোর্ট জানিয়েছে, এসব নথি পর্যালোচনার পর পূর্ণাঙ্গ আদেশ দেওয়া হবে। মামলাটির পরবর্তী শুনানি আগামী ২৯ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। এআইয়ের মাধ্যমে ভুয়া পরিচয়, ডিপফেক ও পরিচিতির অননুমোদিত বাণিজ্যিক ব্যবহার থেকে সুরক্ষা চেয়ে বিভিন্ন পরিচিত ব্যক্তি সম্প্রতি আদালতের দ্বারস্থ হয়েছেন।
ব্যক্তিত্বের অধিকার রক্ষায় আইনি পদক্ষেপ নেওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর ও সুনীল গাভাস্কার, আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্কর, অভিনেতা অর্জুন কাপুর, আল্লু অর্জুন, নাগার্জুন, বরুণ ধাওয়ান, কাজল, ঐশ্বরিয়া রাই বচ্চন, অভিষেক বচ্চন ও নাগা চৈতন্য। এ ছাড়া গায়ক জুবিন নৌটিয়াল, চলচ্চিত্র নির্মাতা করণ জোহর, পডকাস্টার রাজ শামানি ও কংগ্রেস সাংসদ শশী থারুরও এ ধরনের সুরক্ষা চেয়েছেন। সম্প্রতি অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতও ডিজিটাল মাধ্যমে তাঁর পরিচিতি অনুমতি ছাড়া ব্যবহারের অভিযোগে মামলা করেছেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত নোটিশ জারি করেছে।