October 19, 2026, 4:46 pm

সারাজীবন ঝামেলা হবে, এটাই মেনে নিয়েছি’: পরীমণি

অভয়নগর প্রতিবেদক

 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী পরীমণি। সম্প্রতি তাঁর আপত্তিকর ভিডিও তৈরি করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়। এমনকি একটি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজ হ্যাক করেও ভিডিওটি প্রকাশ করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানান পরীমণি। অপরাধীদের বিরুদ্ধে ফেসবুক লাইভে কথা বলায় অনেকে তাঁর সাহসের প্রশংসা করছেন। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, সবাই যখন তাঁর সাহসকে সম্মান জানান, তখন তিনি আরও সাহস পান এবং মনে করেন, সঠিক পথে আছেন।

সোমবার (১৯ অক্টোবর) একটি শোরুম উদ্বোধনে গিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন পরীমণি। জীবনে বারবার নানা ঝামেলায় জড়ানো প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার কপালে মনে হয় এটাই লেখা; সারাজীবন ঝামেলা হবে, এটাই মেনে নিয়েছি। এটা আমার ভালো লাগে, এনজয় করি।’ এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিওর বিষয়ে প্রথম তিন-চার দিন গুরুত্ব দেননি জানিয়ে তিনি বলেন, পরে বিষয়টি এড়িয়ে যেতে না পেরে প্রতিবাদ জানান।

নারীদের হয়রানিতে এআই প্রযুক্তির অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে পরীমণি বলেন, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। তাঁর মতো পরিচিত মানুষের ক্ষেত্রে বিষয়টি সামলানো সম্ভব হলেও সাধারণ নারীদের জন্য তা কঠিন হতে পারে। এ ধরনের ঘটনায় কেউ কেউ চরম মানসিক সংকটে পড়েন বলেও উল্লেখ করেন তিনি। তাই এআই ব্যবহার করে নারীদের হয়রানির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান অভিনেত্রী।



ফেসবুক কর্নার