
দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ বক্স অফিসে দারুণ সাফল্য পাচ্ছে। মুক্তির মাত্র চার দিনে বিশ্বব্যাপী ছবিটির আয় ৪২৪ কোটি রুপি ছাড়িয়েছে। বক্স অফিস ট্র্যাকিং সংস্থা স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, রোববার (১৮ অক্টোবর) ভারতে ছবিটির নেট আয় হয়েছে ৫৫ কোটি ৮৫ লাখ রুপি। এতে প্রথম চার দিনে দেশটির বাজারে মোট নেট আয় দাঁড়িয়েছে ১৯৯ কোটি ৯০ লাখ রুপি। ভারতের বাজারে ছবিটির মোট গ্রস আয় ২৩৪ কোটি ২৫ লাখ রুপি।
গত ১৫ অক্টোবর মুক্তি পাওয়া ছবিটি প্রথম দিন ভারতে ৫৯ কোটি ৭০ লাখ রুপি নেট আয় করে। দ্বিতীয় দিন শুক্রবার আয় কমে দাঁড়ায় ৩৭ কোটি ১০ লাখ রুপিতে। শনিবার আয় হয় ৪৭ কোটি ২৫ লাখ রুপি। তবে সপ্তাহান্তে দর্শক উপস্থিতি বাড়ায় রোববার আয় আবার বেড়ে ৫৫ কোটি ৮৫ লাখ রুপিতে পৌঁছায়। সেদিন ভারতের ১৫ হাজার ৪৭৩টি শোতে গড় দর্শক উপস্থিতি ছিল প্রায় ৬২ শতাংশ। ভাষাভিত্তিক আয়ে এগিয়ে রয়েছে তামিল সংস্করণ, যা রোববার ৩৯ কোটি ৯৫ লাখ রুপি নেট আয় করেছে। একই দিনে তেলুগু সংস্করণের আয় ৯ কোটি ৫০ লাখ এবং হিন্দি সংস্করণের আয় ৫ কোটি ৭৫ লাখ রুপি।
ভারতের বাইরেও ভালো ব্যবসা করছে ‘জেলার ২’। স্যাকনিল্কের হিসাবে, রোববার আন্তর্জাতিক বাজারে ছবিটির গ্রস আয় হয়েছে প্রায় ৪০ কোটি রুপি। এতে চার দিনে বিদেশের বাজারে মোট গ্রস আয় দাঁড়িয়েছে প্রায় ১৯০ কোটি রুপিতে। ভারতের ২৩৪ কোটি ২৫ লাখ এবং আন্তর্জাতিক বাজারের প্রায় ১৯০ কোটি রুপি মিলিয়ে বিশ্বব্যাপী ছবিটির মোট গ্রস আয় হয়েছে ৪২৪ কোটি ২৫ লাখ রুপি। এ সাফল্যে ছবিটি এখন ৫০০ কোটি রুপির মাইলফলক ছোঁয়ার অপেক্ষায়।