October 19, 2026, 5:37 pm

বাগেরহাটে পূজামণ্ডপে আনসার নিয়োগে জাল সনদের অভিযোগ

অভয়নগর প্রতিবেদক

 

বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ১৩টি দুর্গাপূজামণ্ডপে জাল সনদ ব্যবহার করে আনসার-ভিডিপি সদস্য নিয়োগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আনসার ও ভিডিপির মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ইউনিয়নের সাবেক আনসার কমান্ডার ইনামুল ফকির। রোববার (১৯ অক্টোবর) ডাকযোগে পাঠানো অভিযোগে তিনি দাবি করেন, ইউনিয়নের দলনেত্রী কোদলা গ্রামের বর্ণি স্বর ও তাঁর মেয়ে দীপু রানী স্বর জাল সনদের মাধ্যমে প্রায় অর্ধশত ব্যক্তিকে পূজামণ্ডপের নিরাপত্তার দায়িত্বে নিয়োগ দিয়েছেন। এতে প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রকৃত সনদধারী সদস্যরা দায়িত্ব পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগকারী আরও দাবি করেন, জেলা আনসার কমান্ডারের সঙ্গে যোগসাজশ এবং আর্থিক লেনদেনের মাধ্যমে এসব নিয়োগ দেওয়া হয়েছে। বারুইপাড়ার পালপাড়া সার্বজনীন পূজামণ্ডপে সরেজমিনে গিয়ে ৬৩ নম্বর সিসিতে দলনেত্রী বর্ণি স্বর ও তাঁর মেয়ে দীপু রানী স্বরের নাম পাওয়া গেলেও তাঁরা দায়িত্বে ছিলেন না বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে অভিযোগকারী দাবি করেন, দলনেত্রী হওয়ায় বর্ণি স্বরকে দায়িত্ব পালন করতে হয় না। পূজার দায়িত্ব শেষে সরকারি বরাদ্দ থেকে সদস্যপ্রতি কমিশন নেওয়ার শর্তে নিয়োগ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

ইনামুল ফকির বলেন, বারুইপাড়া ইউনিয়নের ১৩টি পূজামণ্ডপে দায়িত্ব পালনকারীদের সনদ যাচাই করলেই অনিয়মের বিষয়টি জানা যাবে। জেলা কমান্ডারের সহযোগিতায় এসব অনিয়ম হয়েছে বলে দাবি করে তিনি মহাপরিচালকের কাছে অভিযোগ পাঠিয়েছেন। তবে এ বিষয়ে বর্ণি স্বর ও আনসার-ভিডিপির জেলা কমান্ডারের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।



ফেসবুক কর্নার