October 19, 2026, 5:37 pm

সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবরে ফুফুর মৃত্যু

অভয়নগর প্রতিবেদক

 

সৌদি আরবে ব্রাহ্মণবাড়িয়ার নজরুল ইসলাম নামে এক যুবকের মৃত্যুদণ্ড কার্যকরের খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তাঁর ফুফু আবেদা বেগম (৬৫)। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন নজরুলের বাবা-মা। গত ১৪ অক্টোবর সৌদি আরবে নজরুলের মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানতে পারেন স্বজনেরা বলে জানিয়েছেন তাঁরা।

নজরুল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরামপুর গ্রামের আবদুল বাছির ও রেহেনা বেগম দম্পতির চার সন্তানের মধ্যে সবার বড়। পরিবারের অভাব দূর করতে ২০২২ সালে সাত লাখ টাকা ঋণ করে তাঁকে সৌদি আরবে পাঠানো হয়। সেখানে মক্কার পবিত্র মসজিদুল হারামে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন তিনি। পরিবারের সদস্যদের ভাষ্য, সৌদি আরবে যাওয়ার সাত-আট মাস পর তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে কারাগার থেকে ফোন করে নজরুল জানান, তিনি বন্দি রয়েছেন। প্রায় তিন বছর তিন মাস কারাগারে থাকার পর তাঁর মৃত্যুদণ্ড কার্যকরের খবর পায় পরিবার।

নজরুলের বাবা আবদুল বাছির বলেন, ছেলেকে বিদেশে পাঠাতে নেওয়া সাত লাখ টাকার ঋণ কীভাবে শোধ করবেন, তা জানেন না তিনি। সরকারের কাছে ছেলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানান তিনি। মৃত্যুদণ্ড কার্যকরের আগে নজরুল আইনি সহায়তা পেয়েছিলেন কি না এবং বাংলাদেশ কনস্যুলেটের সঙ্গে যোগাযোগের সুযোগ হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্বজনেরা। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ জানান, মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো নির্দেশনা পাওয়া যায়নি। মরদেহ দেশে ফিরলে পরিবারকে সহায়তা করা হবে।



ফেসবুক কর্নার