October 19, 2026, 7:42 pm

ছাত্রলীগে পদ পাওয়ায় ছেলের ওপর ক্ষুব্ধ জামায়াত নেতা

অভয়নগর প্রতিবেদক

 

কিশোরগঞ্জ জেলা নিষিদ্ধ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেয়েছেন ইটনা উপজেলার বাদলা ইউনিয়ন জামায়াতের সভাপতি সিরাজ উদ্দিনের ছেলে আলী আকবর তানভীর। রোববার (১৮ অক্টোবর) জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লার ফেসবুক পোস্টে প্রকাশিত কমিটির তালিকায় তার নাম দেখা যায়।

সিরাজ উদ্দিন দাবি করেন, ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত, তা তিনি জানতেন না। বর্তমানে জীবিকার তাগিদে তানভীর মালয়েশিয়ায় রয়েছেন। সিরাজ উদ্দিন বলেন, জামায়াত ও আওয়ামী লীগের আদর্শ এক নয়। আগে জানতে পারলে ছেলেকে ত্যাজ্যপুত্র করতেন। তিনি আরও জানান, কমিটি ঘোষণার পর ছেলের সঙ্গে কথা হয়েছে। তানভীর পদত্যাগ করেছে বলে জানালেও এর কোনো প্রমাণ তার কাছে নেই।

ইটনা উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল হোসেন বলেন, ফ্যাসিস্টের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই এবং দলে থাকা ব্যক্তিদের শাস্তি হওয়া উচিত। তবে সিরাজ উদ্দিনের ছেলে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত—এ তথ্য তাঁর জানা ছিল না। বিষয়টি সত্য হলে তা দুঃখজনক এবং তিনি সিরাজ উদ্দিনের সঙ্গে কথা বলবেন। তানভীরের বক্তব্য জানতে বাবার কাছে যোগাযোগের নম্বর চাওয়া হলেও তা পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।



ফেসবুক কর্নার