
রাজধানীর যমুনা ফিউচার পার্কের কার্নিভ্যাল অ্যারেনায় আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে ‘রক এন রিদম ৫.০: নো লিমিটস ইন দ্য জোন’ শীর্ষক কনসার্ট। এতে নিজ দল নগরবাউল নিয়ে সংগীত পরিবেশন করবেন দেশের জনপ্রিয় ব্যান্ড সংগীতশিল্পী মাহফুজ আনাম জেমস।
কনসার্টে অংশ নেওয়া প্রসঙ্গে জেমস বলেন, ‘দেশে অনেক দিন পর টিকিট কনসার্ট করছি। আশা করি শ্রোতা-দর্শক নতুন কিছু শুনতে ও দেখতে পাবেন।’ আয়োজক প্রতিষ্ঠান অ্যাডভেন্টর কমিউনিকেশন তাদের ফেসবুক পোস্টে জানিয়েছে, নগরবাউল ও আর্ক ছাড়াও দেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য এ আয়োজনে সংগীত পরিবেশন করবে।
এ ছাড়া গিটারিস্ট ওনি হাসান ওয়ারফেজের সঙ্গে বিশেষ পরিবেশনায় অংশ নেবেন বলে জানা গেছে। পাশাপাশি একক পরিবেশনাও করবেন তিনি। কনসার্টে একে রাহুলও সংগীত পরিবেশন করবেন। জনপ্রিয় ব্যান্ড ও শিল্পীদের অংশগ্রহণে আয়োজনটি ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।