
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে অর্থ লেনদেনের অভিযোগসংবলিত মন্তব্য করায় আদালত অবমাননার অভিযোগে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে তলব করেছেন ট্রাইব্যুনাল। আগামী ৪ নভেম্বর তাঁকে সশরীরে হাজির হয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (১ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্রসিকিউশন জানায়, নির্ধারিত দিনে ব্যারিস্টার ফুয়াদকে ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে তাঁর বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে হবে।
প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, সম্প্রতি এবি পার্টির একটি অনুষ্ঠানে ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বক্তব্য দেন ব্যারিস্টার ফুয়াদ। সেখানে তিনি ‘বস্তায় ভরে ভরে কিংবা কোটি কোটি লেনদেন হচ্ছে’ বলে মন্তব্য করেন। তাঁর এ বক্তব্য ট্রাইব্যুনালের নজরে আসার পর আদালত স্বপ্রণোদিত হয়ে আদালত অবমাননার নোটিশ জারি করেন। এ পরিপ্রেক্ষিতেই তাঁকে তলব করা হয়েছে।