
পিরোজপুরের নেছারাবাদে ফেসবুকে ‘জয় বাংলা’ স্লোগান ও বিএনপিবিরোধী পোস্টের প্রতিবাদ করায় জলাবাড়ি ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক শরীয়ত উল্লাহ লিমনকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ সমর্থক সিয়াম হোসেন ফকির ও তাঁর বাবা আবুল হোসেন ফকিরের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ভুক্তভোগী। মামলার পর আসামিরা তাঁকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেছেন তিনি।
শনিবার (৩১ অক্টোবর) রাতে কামারকাঠি বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লিমন জানান, গত ১৫ অক্টোবর সিয়ামের ফেসবুক পোস্ট নিয়ে প্রতিবাদ করায় তাঁকে গালিগালাজ ও হুমকি দেওয়া হয়। এর দুই দিন পর ১৭ অক্টোবর কামারকাঠি বাজারে যাওয়ার পথে সিয়াম, তাঁর বাবা ও অজ্ঞাতনামা ৫-৬ জন তাঁর পথরোধ করেন। এ সময় লোহার রড দিয়ে মাথা ও বাম পায়ে আঘাত করা হয়। এতে তাঁর পায়ের হাড় ভেঙে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অভিযোগ অস্বীকার করে আবুল হোসেন বলেন, তাঁর ছেলে ভুলবশত একটি ফটোকার্ড শেয়ার করেছিলেন। এ নিয়ে ভুল বোঝাবুঝি থেকে মারামারির ঘটনা ঘটে। তিনি হুমকি দেওয়ার অভিযোগও অস্বীকার করেন। জলাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মেহেদী সরোয়ার জানান, এ ঘটনায় আদালতে মামলা হয়েছে এবং আসামিরা পুনরায় হুমকি দিচ্ছেন বলে তিনি শুনেছেন। সংবাদ সম্মেলনে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।