
‘ঠিকানা’ সিনেমাকে কেন্দ্র করে আইনি জটিলতায় পড়েছেন অভিনেতা শরিফুল রাজ। চুক্তির শর্ত লঙ্ঘন ও আর্থিক ক্ষতির অভিযোগে তাকে আইনি নোটিশ পাঠিয়েছেন সিনেমাটির প্রযোজক শাহরিন আক্তার। নোটিশে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন প্রযোজক।
এ বিষয়ে শরিফুল রাজের দাবি, প্রযোজকপক্ষ টাকা নাকি শিডিউল—কোনটি চাইছে, তা নিয়েই বিভ্রান্তি তৈরি হয়েছে। তিনি বলেন, টাকা চাইলে দিতে এবং শিডিউল চাইলে তা দিতে প্রস্তুত। তার ভাষ্য, দীর্ঘ অভিনয়জীবনে শিডিউল নিয়ে কোনো অভিযোগ ওঠেনি। ঈদে ‘ঠিকানা’ মুক্তির পরিকল্পনা থাকলেও চুক্তিতে অন্য সিনেমায় কাজ করা যাবে না—এমন কোনো শর্ত নেই বলেও দাবি করেন তিনি। প্রযোজকের আইনি নোটিশেও সিনেমাটি ঈদের পর মুক্তির কথা উল্লেখ রয়েছে বলে জানান রাজ।
চুক্তির ৪.১১ ধারা এবং আইনি নোটিশের দ্বিতীয় ধারায় মুক্তি ও শিডিউলসংক্রান্ত বিষয় উল্লেখ রয়েছে বলে দাবি করেন অভিনেতা। তবে মুক্তির নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি। আইনি নোটিশের জবাবে তিনিও আইনিভাবে বিষয়টি মোকাবিলা করবেন জানিয়ে রাজ বলেন, ‘এখন আমিও আইনিভাবে কথা বলব।’ প্রযোজক ও অভিনেতার পাল্টাপাল্টি বক্তব্যে সিনেমাটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।