
পরিবার ও সমাজে একজন প্রাপ্তবয়স্ক মানুষের মূল্যায়ন কীভাবে হওয়া উচিত, সে বিষয়ে নিজের মতামত তুলে ধরেছেন ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বয়স বাড়ার পর একজন মানুষকে পারিবারিক পরিচয়ের পরিবর্তে তার নিজস্ব চরিত্র, কর্মকাণ্ড ও নৈতিক মূল্যবোধের ভিত্তিতে বিচার করা উচিত।
পোস্টে প্রভা উল্লেখ করেন, প্রতিটি পরিবারেই ভিন্ন ভিন্ন মানসিকতার মানুষের বসবাস। কেউ শিক্ষিত, মার্জিত, দয়ালু ও উদার মানসিকতার অধিকারী; অন্যায়ের প্রতিবাদ করেন এবং সৎ উপার্জনে জীবন পরিচালনা করেন। আবার একই পরিবারের মধ্যে এর বিপরীত স্বভাবের মানুষও থাকতে পারেন। তাই শুধু পারিবারিক সম্পর্কের কারণে কারও ভুল কাজকে সমর্থন করা উচিত নয় বলে মনে করেন তিনি।
প্রভার মতে, একজন প্রাপ্তবয়স্ক মানুষ সমাজ বা রাষ্ট্রে নিজের পরিচয়েরই প্রতিনিধিত্ব করেন, পুরো পরিবার বা বংশের নয়। তাই তাকে পারিবারিক পরিচয়ের গণ্ডিতে না রেখে ব্যক্তিগত চরিত্র ও কাজের ভিত্তিতে মূল্যায়ন করা উচিত। উল্লেখ্য, একসময় ছোটপর্দায় নিয়মিত অভিনয় করলেও বর্তমানে পছন্দের গল্প ও চরিত্র পেলেই কাজ করছেন এই অভিনেত্রী।