
ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেতা অনুজ ঠাকুর মারা গেছেন। গত ২৭ অক্টোবর রাতে ঘুমাতে যাওয়ার পর আর জেগে ওঠেননি তিনি। পরিবারের বরাত দিয়ে জানা গেছে, ঘুমের মধ্যে খিঁচুনি হওয়ার কারণে তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৩ বছর।
গত ৩০ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়ে অনুজের মৃত্যুর খবর জানান তাঁর বন্ধু ও সহকর্মী রূপেশ সোনার। প্রায় ১৭ বছরের বন্ধুত্বের স্মৃতিচারণ করে তিনি লেখেন, অনুজ শুধু বন্ধু ছিলেন না, ছোট ভাইয়ের মতো ছিলেন। মৃত্যুর মাত্র ১০ দিন আগেও তাঁদের দেখা হয়েছিল বলে জানান রূপেশ। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রতিদিন ভোর সাড়ে ৪টায় ঘুম থেকে উঠে শরীরচর্চা ও দৌড়ানোর অভ্যাস ছিল অনুজের। ঘটনার দিন অ্যালার্ম বাজার পরও তাঁর ঘুম না ভাঙায় মা ডাকতে গিয়ে তাঁকে নিথর অবস্থায় দেখতে পান।
‘ধুম মাচাও ধুম’, ‘বন্ধন সাত জন্ম কা’ ও ‘মহিসাগর’-এর মতো জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন অনুজ ঠাকুর। তাঁর আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সহকর্মী ও অনুরাগীরা।