November 2, 2026, 9:21 pm

৬১ বছরে পা দিলেন বলিউডের বাদশাহ শাহরুখ খান

অভয়নগর প্রতিবেদক

 

আজ ২ নভেম্বর বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানের জন্মদিন। ১৯৬৫ সালের এই দিনে ভারতের নয়াদিল্লিতে জন্মগ্রহণ করেন তিনি। টেলিভিশনের ছোট পর্দা থেকে শুরু করে বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নেওয়া শাহরুখের বয়স আজ ৬১ বছর। তিন দশকের বেশি সময় ধরে অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করে চলেছেন এই তারকা।

১৯৮০-এর দশকের শেষ দিকে ‘ফৌজি’ ও ‘সার্কাস’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয়জগতে যাত্রা শুরু করেন শাহরুখ। ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। ‘বাজিগর’, ‘ডর’ ও ‘আনজাম’-এ নেতিবাচক চরিত্রে অভিনয়ের পর ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাল হো না হো’ ও ‘বীর-জারা’র মতো সিনেমায় রোমান্টিক নায়ক হিসেবে জনপ্রিয়তা পান। ‘দেবদাস’, ‘স্বদেশ’, ‘চাক দে! ইন্ডিয়া’ ও ‘মাই নেম ইজ খান’-এর মতো সিনেমায়ও ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করেছেন তিনি। ২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফেরেন শাহরুখ।

জন্মদিনে ভক্তদের আগ্রহের কেন্দ্রে রয়েছে তাঁর নতুন সিনেমা ‘কিং’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটিতে প্রথমবার মেয়ে সুহানা খানের সঙ্গে পর্দা ভাগাভাগি করবেন তিনি। অভিনয়ের পাশাপাশি রেড চিলিজ এন্টারটেইনমেন্টের সহ-প্রতিষ্ঠাতা এবং আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের সহ-মালিক শাহরুখ। ক্যারিয়ারে ১৫টি ফিল্মফেয়ার পুরস্কার ও পদ্মশ্রীসহ অসংখ্য সম্মাননা পেয়েছেন তিনি। দীর্ঘ অভিনয়জীবনে রোমান্টিক নায়ক থেকে অ্যাকশন তারকা—বিভিন্ন চরিত্রে দর্শকদের সামনে হাজির হয়েছেন শাহরুখ। ৬১তম জন্মদিনেও ভক্তদের কাছে তিনি পরিচিত ‘কিং খান’ নামে।



ফেসবুক কর্নার