
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সন্দেহভাজন আসামি জেরিকা তাসনীম দিশার (১৯) আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৪ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলামের আদালত এ আদেশ দেন। এর আগে চার দিনের রিমান্ডে ছিলেন দিশা। ওই রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
রিমান্ড আবেদনে বলা হয়, গত ২৭ অক্টোবর রাতে তাহসিফের সঙ্গে উত্তরার নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে গিয়েছিলেন দিশা। এর আগে তাঁরা একাধিকবার সিপি ফাইভ স্টার স্ন্যাকসে যান। মামলার অপর আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপের সঙ্গেও একটি মোটরসাইকেল গ্যারেজে তাঁকে দেখা গেছে। তাহসিফের কললিস্ট পর্যালোচনায় ঘটনার আগে দিশার সঙ্গে একাধিকবার ফোনে কথা বলার তথ্য পাওয়া গেছে। তদন্ত কর্মকর্তার দাবি, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডে দিশার সম্পৃক্ততার তথ্যপ্রমাণ মিলেছে। ঘটনার রহস্য উদ্ঘাটন, অন্য আসামিদের শনাক্ত এবং দীপের বক্তব্যের সঙ্গে দিশার বক্তব্য যাচাই করতে তাঁকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
গত ২৭ অক্টোবর সন্ধ্যায় দীপের ডাকে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তাহসিফ। পরদিন বিকেলে উত্তরখানের রাজাবাড়ী ঘাট এলাকায় তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। এ ঘটনায় ৩০ অক্টোবর রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে উত্তরখান থানায় হত্যা মামলা করেন তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম। পরে দীপকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।