
খুলনার রূপসা উপজেলায় প্রকাশ্যে গুলি করে মো. জাকির হোসেন (৪৩) নামে এক বিএনপি নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে উপজেলার স্বল্পবাহিরদিয়া এলাকায় হীরকের দোকানে বসে থাকা অবস্থায় তাঁকে গুলি করা হয়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত জাকির হোসেন রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের খাজাডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি আব্দুল জলিল শেখের ছেলে এবং টিএসবি ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ছিলেন। তিনি পূর্ব রূপসা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদের বড় ভাই। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাগেরহাটের ফকিরহাটের দিক থেকে হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে ঘটনাস্থলে আসে। তাঁদের একজন দোকানে ঢুকে জাকিরের মাথায় গুলি করে। পরে তাঁরা মোটরসাইকেলে ফকিরহাটের দিকে পালিয়ে যায়।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, দুর্বৃত্তরা জাকিরের মাথা লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। তিনি পেশায় ইট-বালুর ব্যবসায়ী ছিলেন। খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করেছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।