
আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শুক্রবার (১৩ নভেম্বর) ম্যাচে প্রথমে ব্যাট করে ১৩১ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। জবাবে ১৫ বল ও ৯ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে সোবহানা মোস্তারির দল। টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারের পর এ জয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশের মেয়েরা।
১৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার দিলারা আক্তার ও সাথী রানি। উদ্বোধনী জুটিতে তাঁরা যোগ করেন ১০৪ রান। ৪৩ বলে ৪৫ রান করে সাথী ফিরলেও জয় নিশ্চিত করেন দিলারা ও শারমিন আক্তার। দিলারা ৬৮ রানে অপরাজিত থাকেন। শারমিন অপরাজিত থাকেন ৬ রানে।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন চিপো-মুগেরি ত্রিপানো। অধিনায়ক জোসেফিন এনকোমো করেন ৩৫ রান। বাংলাদেশের হয়ে বল হাতে সর্বোচ্চ তিনটি উইকেট নেন রাবেয়া খান। দিশা বিশ্বাস দুটি এবং রিতুমনি একটি উইকেট শিকার করেন।