
ফুটবল মাঠের বাইরে নতুন চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার টেলিভিশন সিরিজ প্রযোজনায় নাম লিখিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। তাঁর প্রথম টিভি সিরিজ ‘ডে ওয়ানস’ (Day 1s)-এর প্রযোজনার কাজ শুরু হয়েছে। সম্প্রতি ইনস্টাগ্রামে এক পোস্টে নিজেই এ খবর জানিয়েছেন ৪১ বছর বয়সী আল নাসর ফরোয়ার্ড। পোস্টে তিনি জানান, এটি তাঁর প্রথম টিভি শো এবং সামনে এ বিষয়ে আরও খবর আসবে।
ব্রিটিশ ফুটবলকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে চিত্রনাট্যনির্ভর ড্রামা সিরিজটি। এতে ফুটবলের মাঠের বাইরের ব্যবসায়িক জগৎ, প্রভাবশালী ফুটবল এজেন্সির ক্ষমতার দ্বন্দ্ব, চুক্তি-আলোচনা ও বিভিন্ন পক্ষের সম্পর্ক তুলে ধরা হবে। সিরিজে প্রভাবশালী ফুটবল এজেন্ট স্ট্যানলি ডালটনের চরিত্রে অভিনয় করার কথা রয়েছে ‘হোমল্যান্ড’ ও ‘বিলিয়নস’খ্যাত অভিনেতা ড্যামিয়ান লুইসের। এ ছাড়া সাবেক ফরাসি ফুটবলার থিয়েরি অঁরি ও ব্রিটিশ র্যাপার ডেভেরও প্রকল্পটির সঙ্গে যুক্ত থাকার কথা রয়েছে। অতিথি চরিত্রে দেখা যেতে পারে অঁরিকে।
রোনালদো ও ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা ম্যাথিউ ভনের প্রতিষ্ঠিত স্বাধীন প্রযোজনা প্রতিষ্ঠান ইউআর-মার্ভ স্টুডিওস সিরিজটি নির্মাণ করছে। ২০২৫ সালে চলচ্চিত্র ও টেলিভিশন জগতে কাজের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। সিরিজটির নির্বাহী প্রযোজক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি চিত্রনাট্যনির্ভর অভিনয়েও অভিষেক হতে যাচ্ছে রোনালদোর। ফুটবলের পাশাপাশি ফ্যাশন, আতিথেয়তা ও গণমাধ্যম ব্যবসায় যুক্ত এই তারকা এবার বিনোদন জগতেও নিজের অবস্থান গড়তে চান।