
পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৪ নভেম্বর) বড়শশী ইউনিয়নের বগদুলঝুলা শ্যামেরডাঙ্গা সীমান্তে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। বিকেলে ব্যাটালিয়নের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সরদারপাড়া বিওপির বিশেষ টহল দল হাবিলদার জহুরুল ইসলামের নেতৃত্বে সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ৭৭৫-এর ১২ নম্বর সাব-পিলার থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক জব্দমূল্য ৩৬ হাজার টাকা।
নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, সীমান্ত দিয়ে মাদকদ্রব্যের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি এবং অভিযান জোরদার করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।