November 17, 2026, 12:47 am

গাজায় প্রতিদিন হাজারো মানুষের খাবার দিচ্ছে সৌদি আরব

অভয়নগর প্রতিবেদক

 

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্য ও দক্ষিণাঞ্চলে প্রতিদিন হাজারো মানুষের জন্য রান্না করা খাবার পৌঁছে দিচ্ছে সৌদি আরবের ত্রাণ সংস্থা কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার (কেএসরিলিফ)। মানবিক সহায়তা কর্মসূচির আওতায় খাদ্যসংকটে থাকা পরিবারগুলোর মধ্যে এসব খাবার বিতরণ করা হচ্ছে। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার (১৩ নভেম্বর) অভাবী পরিবারগুলোর মধ্যে ২৪ হাজার ৮০০ প্যাকেট রান্না করা খাবার বিতরণ করা হয়।

কর্মসূচির আওতায় দেইর আল-বালাহ ও আল-কারারাসহ গাজার বিভিন্ন এলাকার অসহায় পরিবারকে সহায়তা দেওয়া হচ্ছে। খাবার প্রস্তুত, রান্না ও বিতরণের প্রতিটি পর্যায়ে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে গত ৪ নভেম্বর তাঁবু ও খাদ্যসামগ্রী নিয়ে একটি ত্রাণবহর গাজায় প্রবেশ করে। বাস্তুচ্যুত ও সংকটাপন্ন পরিবারগুলোর আশ্রয় ও খাদ্যের প্রয়োজন মেটাতে এসব সহায়তা পাঠানো হয়।

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশনায় ২০২৩ সালের নভেম্বরে গাজার জন্য তহবিল সংগ্রহ শুরু করে কেএসরিলিফ। সংস্থাটির ‘সাহেম’ অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। খাদ্য, আশ্রয় ও অন্যান্য জরুরি সামগ্রী সরবরাহের মাধ্যমে গাজায় সৌদি আরবের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।



ফেসবুক কর্নার