
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের কিছু অংশ দখলে রেখেছে বলে দাবি করেছেন মার্কিন রক্ষণশীল পডকাস্টার টাকার কার্লসন। একই সঙ্গে যুদ্ধকালীন এ পরিস্থিতি নিয়ে মার্কিন গণমাধ্যম সংবাদ প্রকাশ করছে না বলেও অভিযোগ করেন তিনি। বুধবার (১৮ নভেম্বর) মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সোমবার প্রকাশিত এক পডকাস্টে ভূরাজনৈতিক বিশ্লেষক ব্র্যান্ডন জে ওয়েইচার্টের সাক্ষাৎকার নেওয়ার সময় কার্লসন বলেন, হুথিরা সৌদি রাজতন্ত্রের জন্য প্রকৃত হুমকি হয়ে উঠেছে এবং সৌদি ভূখণ্ডে তাদের বাহিনী রয়েছে। তবে এ দখলের দাবির পক্ষে কোনো সূত্র উল্লেখ করেননি তিনি। এর আগে গত ২ নভেম্বর পশ্চিমা ও আরব কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে মিডল ইস্ট আই জানিয়েছিল, অক্টোবরে হুথিরা সৌদি আরবে অভিযান চালিয়েছিল। তবে তারা এখনো সৌদি ভূখণ্ড দখলে রেখেছে কি না, তা নিশ্চিত করেনি সূত্রগুলো।
ইয়েমেন-সৌদি সীমান্তের দুর্গম এলাকায় সাংবাদিকদের প্রবেশ কার্যত নিষিদ্ধ। বর্তমানে সৌদি সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও হুথিদের লড়াই ইয়েমেনের ভেতরে কেন্দ্রীভূত। ১৯৩৪ সালের তাইফ চুক্তির মাধ্যমে ইয়েমেনের আসির, জাজান ও নাজরান প্রদেশ সৌদি আরবের অন্তর্ভুক্ত হয়। হুথিরা দীর্ঘদিন ধরে এসব অঞ্চলের ওপর নিজেদের দাবি জানিয়ে আসছে। কার্লসনের মতে, ইরানের পাশাপাশি অন্য শক্তিও হুথিদের সহায়তা করতে পারে। তবে তিনি নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করেননি।