
সৌদি আরব সফরে গিয়ে পবিত্র কাবার ভেতরে প্রবেশ করে দুই রাকাত নামাজ আদায় করেছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবু। গত ১ নভেম্বর সৌদি রাজপরিবারের বিশেষ অনুমতিতে তাকে এ বিরল সুযোগ দেওয়া হয়। এ সময় তার সঙ্গে নাইজেরিয়ার একটি প্রতিনিধিদলের সদস্যরাও কাবার ভেতরে প্রবেশ করেন। নাইজেরিয়ার প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, সেখানে নামাজ আদায়ের পাশাপাশি দেশের শান্তি, নিরাপত্তা, ঐক্য ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন তিনুবু।
পরে এ সুযোগ দেওয়ায় সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। কাবার ভেতরে প্রবেশকে বিশেষ সম্মান ও জীবনের স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন তিনুবু। সেখানে কী প্রার্থনা করেছেন জানতে চাইলে তিনি বলেন, দেশের মানুষের সেবা অব্যাহত রাখতে আল্লাহর কাছে প্রজ্ঞা ও ধৈর্য চেয়েছেন।
সাধারণ মুসল্লিদের জন্য কাবার ভেতরে প্রবেশের সুযোগ উন্মুক্ত নয়। বিশেষ অনুমতি নিয়ে নির্দিষ্ট কিছু ব্যক্তি ও রাষ্ট্রীয় অতিথি এ সুযোগ পান। এর আগে ২০১৬ সালে নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদু বুহারিও কাবার ভেতরে প্রবেশ করে নামাজ আদায় করেছিলেন। তিনুবু গত ৩০ অক্টোবর মক্কায় ওমরাহ পালন করেন। চার দিনের সফর শেষে ৪ নভেম্বর তিনি নাইজেরিয়ার রাজধানী আবুজার উদ্দেশে সৌদি আরব ত্যাগ করেন।