দেশের রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বৃষ্টির মধ্যেই কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।
কলেজের ‘চেতনায় চিরঞ্জীব’ ভাস্কর্যের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলো দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ চালিয়ে যাওয়ার কথাও জানান তাঁরা।
সমাবেশে বক্তারা দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। কর্মসূচিতে উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পী, যুগ্ম আহ্বায়ক শেখ হাসান ইমাম, এমএম কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু, সাধারণ সম্পাদক আকিব আনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।