
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়ন করতে হলে দেশের তৃণমূলের ক্ষমতার কেন্দ্রগুলোকে শুদ্ধ নেতৃত্বের আয়ত্তে আনতে হবে। তাহলেই মানুষের বহুদিনের শান্তি, ন্যায়বিচার ও মুক্তির আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব হবে।
শুক্রবার (৭ আগস্ট) সকালে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও দলের সহকারী মহাসচিব মাওলানা শেখ ফজলুল করীম মারুফ।
পীর সাহেব চরমোনাই বলেন, দেশে বারবার রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে জনগণ অন্যায়, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে সংগ্রাম করলেও প্রত্যাশিত পরিবর্তন আসেনি। কারণ প্রতিবারই রাষ্ট্রক্ষমতায় এসে নতুন নেতৃত্ব পুরোনো ব্যবস্থাকেই বহাল রেখেছে। জুলাই গণ-অভ্যুত্থানের পরও একই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি হয়েছে। ভবিষ্যতে তা আর হতে দেওয়া হবে না। এজন্য সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ নির্দেশনা দেন দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ুম এবং ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম।
মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বাত্মকভাবে অংশ নেবে। এজন্য প্রতিটি ওয়ার্ডে নির্বাচনী প্রস্তুতি জোরদার করতে হবে, জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে সহ-সভাপতি, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, দপ্তর, প্রচার, অর্থ, প্রশিক্ষণ, দাওয়াহ, আইন ও মানবাধিকার, ত্রাণ, শিল্প ও বাণিজ্য, নির্বাচনসহ বিভিন্ন সম্পাদকীয় পদ এবং সদস্যদের নাম ঘোষণা করা হয়। নবনিযুক্ত নেতারা দায়িত্ব পালনে দলীয় আদর্শ বাস্তবায়ন, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।