
সাংবাদিকতার আইডি কার্ড ও প্রতিষ্ঠানে ‘স্টাফ রিপোর্টার’ পদে নিয়োগ দেওয়ার প্রলোভন দেখিয়ে এক তরুণ সংবাদকর্মীর কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ‘আমার সকাল ২৪’ নামের একটি অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজের বিরুদ্ধে। ভুক্তভোগীর দেওয়া তথ্য, হোয়াটসঅ্যাপের কথোপকথন ও লেনদেনের প্রমাণ বিশ্লেষণে অভিযোগ করা হয়েছে, কার্ড ও প্রসেসিং ফি বাবদ টাকা নেওয়ার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাকে আইডি কার্ড বা নিয়োগপত্র দেওয়া হয়নি। পরে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ ২০২৬ ‘আমার সকাল ২৪’-এর পক্ষ থেকে কুষ্টিয়ার ওই তরুণ সংবাদকর্মীকে স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ ও প্রেস কার্ড দেওয়ার আশ্বাস দেওয়া হয়। তাদের নির্দেশনা অনুযায়ী ওই দিন সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে একটি ব্যক্তিগত বিকাশ নম্বরে ২ হাজার টাকা ‘সেন্ড মানি’ করা হয়। লেনদেনের ট্রানজেকশন আইডি হিসেবে ডিআরসি৩জে৫১ইউ৯ উল্লেখ করা হয়েছে। টাকা পাঠানোর পর নাম, মোবাইল নম্বর, ছবি ও জাতীয় পরিচয়পত্রের কপিসহ প্রয়োজনীয় তথ্য হোয়াটসঅ্যাপে পাঠানো হয়। প্রথম দিকে পোর্টালের পক্ষ থেকে ইতিবাচক সাড়া দেওয়া হলেও পরে সময়ক্ষেপণ শুরু হয়। ৮ এপ্রিল যোগাযোগ করা হলে ওই মাসের মধ্যেই কার্ড দেওয়ার আশ্বাস দেওয়া হয়। জুনের মাঝামাঝি ও জুলাইয়ের শুরুতে একাধিকবার তাগাদা দেওয়া হলে পোর্টালের বার্তা সম্পাদক মো. আনহাজ হোসাইন হিমেল, যিনি নিজেকে ‘আমার সকাল ২৪’-এর বার্তা সম্পাদক হিসেবে পরিচয় দেন, জুলাইয়ের শেষ দিকে কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দেন বলে অভিযোগ।
তবে প্রতিশ্রুত সময় পেরিয়ে গেলেও কার্ড বা নিয়োগপত্র না পাওয়ায় ভুক্তভোগী জুলাইয়ের ১৫ তারিখ এবং আগস্টের ৬ ও ১১ তারিখসহ বিভিন্ন সময়ে ভয়েস কল ও টেক্সট মেসেজের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেন। তাঁর অভিযোগ, পরবর্তীতে বার্তা সম্পাদক হিমেল ও সংশ্লিষ্ট নম্বর থেকে কোনো সন্তোষজনক জবাব দেওয়া হয়নি। একপর্যায়ে ক্ষোভ প্রকাশ করে তিনি হোয়াটসঅ্যাপে টাকা ফেরতের দাবি জানান। ভুক্তভোগীর অভিযোগ, চটকদার বিজ্ঞাপন ও বিভিন্ন পদে নিয়োগের প্রচারণার মাধ্যমে কিছু অনলাইন প্ল্যাটফর্ম তরুণ সংবাদকর্মীদের আকৃষ্ট করে অর্থ নিচ্ছে। এ ধরনের অভিযোগের সুষ্ঠু তদন্ত করে সত্যতা যাচাই এবং প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি অনলাইন সংবাদমাধ্যমে নিয়োগ বা পরিচয়পত্রের নামে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।