
জনপ্রিয় অভিনেতা ও লেখক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর কয়েক মাস পর তাঁর সঙ্গে সম্পর্ক নিয়ে বিস্ফোরক দাবি করেছেন মডেল-অভিনেত্রী মৌমিতা পণ্ডিত। তাঁর দাবি, মৃত্যুর আগে রাহুলের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল এবং দুজনেই সেই সম্পর্ক প্রকাশ্যে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।
চলতি বছরের দোল উৎসবের একটি সিসিটিভি ফুটেজও প্রকাশ্যে এনেছেন মৌমিতা। সেখানে রাহুলকে তাঁর গালে আবির মাখাতে দেখা যায়। মৌমিতার দাবি, দোলের দিন শুটিং শেষ করে রাতে বাইক চালিয়ে তাঁর কাছে এসেছিলেন রাহুল। তারা একসঙ্গে আবির খেলেন এবং পরে বাইকে করে শহরে ঘুরে চা পান করেন। মৌমিতা জানান, তাঁর স্বামী অরিদীপ্তর মৃত্যুর পর তিনি রং খেলা বন্ধ করে দিয়েছিলেন। তবে চলতি বছর রাহুল নিজের হাতে তাঁকে আবির মাখান। তাদের সম্পর্ক ভবিষ্যতে প্রকাশ্যে আনার পরিকল্পনাও ছিল বলে দাবি করেন তিনি। রাহুলের শেষ শুটিংয়ের দিন জলে নামার আগেও তাদের ফোনে কথা হয়েছিল এবং তার আগের রাতেও দীর্ঘ সময় ভিডিও কলে কথা হয় বলে জানান মৌমিতা।
রাহুলের সঙ্গে তাঁর পরিচয় ও ঘনিষ্ঠতার বিষয়েও কথা বলেছেন মৌমিতা। তাঁর প্রয়াত স্বামী অরিদীপ্ত ও রাহুল ছিলেন দীর্ঘদিনের বন্ধু। অরিদীপ্তর মৃত্যুর পর রাহুলের সঙ্গে তাঁর যোগাযোগ বাড়ে। পরে উত্তরবঙ্গে একটি সিনেমার শুটিংয়ের সময় দুজনের মধ্যে ঘনিষ্ঠতা ও পারস্পরিক নির্ভরতা তৈরি হয় বলে দাবি তাঁর। তবে রাহুল ও অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সম্পর্কের প্রসঙ্গে মৌমিতা বলেন, তাদের মধ্যে সুন্দর বন্ধুত্ব ছিল এবং প্রিয়াঙ্কা রাহুলের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ। রাহুলের মৃত্যুর পর প্রিয়াঙ্কাকে ছেলে সহজ ও শাশুড়িকে সামলাতে দেখা যায়। এদিকে, রাহুলের মৃত্যুর পর প্রিয়াঙ্কার শেষযাত্রায় উপস্থিতি এবং শ্মশানে তাঁর আচরণ নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও ট্রোলিং হয়। উল্লেখ্য, চলতি বছরের ২৯ মার্চ তালসারি সমুদ্রসৈকতে একটি ধারাবাহিকের শুটিং চলাকালে পানিতে ডুবে ৪৩ বছর বয়সে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়।