কঙ্গনার কড়া জবাব, ‘আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখা বন্ধ করুন’ রামদেবকে
অভয়নগর প্রতিবেদক
Update Time :
Friday, August 21, 2026
/
14 Time View
/
Share
ভারতীয় অভিনেত্রী ও বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানাউতকে নিয়ে যোগগুরু ও ব্যবসায়ী রামদেবের মন্তব্যের জেরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কঙ্গনার একটি বক্তব্যের সমালোচনা করতে গিয়ে রামদেব তার অতীত ও ব্যক্তিগত জীবন নিয়েও মন্তব্য করেন। এর জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন কঙ্গনা।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনার একটি মন্তব্যের সমালোচনা করেন রামদেব। তিনি বলেন, দেশের যুবসমাজকে নর্দমার সঙ্গে তুলনা করে যারা মন্তব্য করেন, তারা নিজেদের বিকৃত মানসিকতার পরিচয় দেন। একই সঙ্গে কঙ্গনার শৈশব, যৌবন ও অতীত কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তোলেন তিনি। রামদেবের মন্তব্যে ক্ষুব্ধ হয়ে কঙ্গনা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে উদ্দেশ করে লেখেন, ‘বাবাজি, আমার যৌবন, বেডরুম নিয়ে দিবাস্বপ্ন দেখা বন্ধ করুন।’
রামদেবের বক্তব্যের জবাবে কঙ্গনা আরও বলেন, গুজব বা গালগল্পের ভিত্তিতে কারও চরিত্র নিয়ে ধারণা করা যেতে পারে। তবে প্রতারণা বা মিথ্যা কর্মকাণ্ডের কারণে তাকে কখনো সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়তে হয়নি বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে রামদেবকে তার চরিত্র নিয়ে জ্ঞান না দেওয়ার পরামর্শ দেন কঙ্গনা। দুই পক্ষের এমন পাল্টাপাল্টি মন্তব্য ঘিরে ভারতীয় বিনোদন অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কঙ্গনাকে সর্বশেষ ২০২৫ সালে মুক্তি পাওয়া ‘এমারজেন্সি’ সিনেমায় দেখা গেছে। এতে তিনি ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেন।