সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪৮তম সভায় কৃষি, সড়ক, শিক্ষা, বাণিজ্য, বিদ্যুৎ, নৌপরিবহন, স্বরাষ্ট্র এবং জ্বালানি ও খনিজ সম্পদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ১৩টি বড় ক্রয় প্রস্তাব উপস্থাপন ও পর্যালোচনা করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সভায় এসব প্রস্তাবের মধ্যে বিভিন্ন পণ্য ও সেবা ক্রয়ের জন্য সংশ্লিষ্ট দরদাতা ও সরবরাহকারীদের সুপারিশ করা হয়। এর মধ্যে কৃষি মন্ত্রণালয়ের আওতায় মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস এসএ থেকে ৪০ হাজার মেট্রিক টন দানাদার ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) সার আমদানির প্রস্তাব রয়েছে। প্রতি মেট্রিক টনের দাম ৮৯৪ মার্কিন ডলার এবং চুক্তিমূল্য প্রায় ৪৪০ কোটি ৯২ লাখ টাকা।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতায় বান্দরবানের আজিজনগর-নাজিরাম ত্রিপুরাপাড়া-লামা (গাজালিয়া) সড়কের দুটি প্যাকেজের কাজের প্রস্তাবও অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে। পিডব্লিউ-০২ প্যাকেজের প্রাক্কলিত চুক্তিমূল্য প্রায় ১৯০ কোটি টাকা এবং বাস্তবায়নে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডকে সুপারিশ করা হয়েছে। পিডব্লিউ-০৪ প্যাকেজে নতুন নমনীয় পাকা সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ১৯৩ কোটি ৮৪ লাখ টাকা এবং কাজটি স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেডকে দেওয়ার সুপারিশ করা হয়েছে। এ ছাড়া ২০২৭ শিক্ষাবর্ষের নবম শ্রেণি, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের দুটি প্রস্তাবে প্রায় ৭৩৯ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ের সুপারিশ করা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল এবং ২ কোটি লিটার পরিশোধিত পাম অলিন ক্রয়ের প্রস্তাবও সভায় অনুমোদনের জন্য সুপারিশ করা হয়। ডাল ক্রয়ে ব্যয় হবে প্রায় ৭৭ কোটি ৯০ লাখ টাকা এবং পাম অলিনে প্রায় ৩৬৭ কোটি ৭০ লাখ টাকা। বিদ্যুৎ বিভাগের আওতায় খুলনা বিভাগে পাঁচটি ৩৩/১১ কেভি বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণে প্রায় ১৩৪ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব রয়েছে। ভোমরা স্থলবন্দরে কার্গো হ্যান্ডলিংয়ের জন্য ম্যানুয়াল শ্রমিকের ঠিকাদার নিয়োগ এবং ঢাকায় র্যাব সদর দপ্তরের অবকাঠামো নির্মাণের প্রস্তাবও সুপারিশ করা হয়েছে। পাশাপাশি মরক্কো থেকে আরও ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানি এবং আরামকো ট্রেডিং সিঙ্গাপুর, বিপি সিঙ্গাপুর ও ভিটল এশিয়া থেকে এলএনজি আমদানির পৃথক প্রস্তাবসহ অতিরিক্ত এলএনজি সংগ্রহের প্রস্তাব সভায় অনুমোদনের জন্য সুপারিশ করা হয়।