September 6, 2026, 11:45 am

মেসিকে থামানোর উপায় নেই: মার্তিনো

অভয়নগর প্রতিবেদক

আটলান্টা ইউনাইটেডের প্রধান কোচ জেরার্ডো ‘টাটা’ মার্তিনো ইন্টার মায়ামির বিপক্ষে আসন্ন এমএলএস ম্যাচের আগে নিজের খেলোয়াড়দের লিওনেল মেসির সামর্থ্য সম্পর্কে সতর্ক করেছেন। শনিবার নু স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচে মেসিকে পুরো সময় নিষ্ক্রিয় করে রাখা কোনো দলের পক্ষেই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আর্জেন্টাইন এই কোচ। মেসির অসাধারণ পারফরম্যান্সের কারণে ম্যাচের যেকোনো মুহূর্তে পরিস্থিতি বদলে যেতে পারে বলেও সতর্ক করেন তিনি।

মার্তিনো বলেন, সম্প্রতি ৩৯ বছর বয়সেও বিশ্বকাপে মেসির পারফরম্যান্স দেখেছে বিশ্ব। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে কীভাবে মেসিকে ঘিরে খেলার গতি ও পরিকল্পনা পরিচালিত হয়েছে, সেটিও উল্লেখ করেন তিনি। ২০২৪ সালের নভেম্বরে ইন্টার মায়ামির কোচের দায়িত্ব ছাড়ার পর এবারই প্রথম সাবেক দলের বিপক্ষে ডাগআউটে দাঁড়াচ্ছেন মার্তিনো। ২০২৪ সালের এমএলএস কাপ প্লে-অফ থেকে মায়ামি ছিটকে যাওয়ার কয়েক দিন পর ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছিলেন।

২০২৩ সালের জুনে ইন্টার মায়ামির দায়িত্ব নেওয়ার পর মার্তিনোর অধীনে দলটি ২০২৩ লিগস কাপ ও ২০২৪ সাপোর্টার্স শিল্ড জেতে। তাঁর কোচিংয়ে মায়ামি এক মৌসুমে লিগে সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহের রেকর্ডও গড়ে। ২০২৫ সালের নভেম্বরে এমএলএসে ফিরে দ্বিতীয়বারের মতো আটলান্টা ইউনাইটেডের দায়িত্ব নেন তিনি। মেসির বিপক্ষে রণকৌশল সাজানো কঠিন স্বীকার করে মার্তিনো বলেন, ম্যাচের একটি মুহূর্তই কখনো কখনো ফল নির্ধারণ করে দিতে পারে। এমনকি ৮৯ মিনিট ম্যাচ নিয়ন্ত্রণে রাখলেও শেষ মুহূর্তে প্রতিপক্ষের কাছে হেরে যাওয়ার সম্ভাবনা থাকে বলে খেলোয়াড়দের সতর্ক করেছেন তিনি।



ফেসবুক কর্নার